
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের সময় ৪০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল।
শনিবার (৬ জুন) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড়ে বগুড়া-নওগাঁ মহাসড়কের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নওগাঁগামী HANIE ENTERPRISE পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় টিকিটবিহীন যাত্রী নওগাঁ সদর এলাকার মৃত ইউসুফ আলী প্রাংয়ের ছেলে মোঃ মিন্টু আলী প্রাং (৪৬)-এর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটিতে মোট ৪০০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক বিক্রয় কার্যক্রমে ব্যবহৃত একটি ‘Amigo’ ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন ও একটি সিমকার্ডও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মিন্টু আলীর বাড়ি নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক পাচার, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ ও ডিএনসি সূত্র জানিয়েছে, জব্দকৃত ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।