
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অংশ নেয়। বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল, ফয়সাল আহমাদ এবং লক্ষণ চন্দ্র দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মহাস্থান এলাকার ফুল মিয়ার ছেলে মো. আবু নাসের (৩৬), মালতিনগর এলাকার জাহিদুল ইসলামের ছেলে মো. আব্দুর রহিম (২৪), রাজাপুর এলাকার আব্দুল মান্নান প্রামানিকের ছেলে মো. মনজুরুল হক (৪০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পজাইপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম (২৬) এবং বগুড়া সদরের জামিলনগর এলাকার আকাশের ছেলে মো. সাগর (২৪)।
অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আবু নাসেরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, আব্দুর রহিম, মনজুরুল হক ও রবিউল ইসলামকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড এবং সাগরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনসচেতনতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকের বিস্তার রোধে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সচেতন নাগরিক হিসেবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।”
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।