
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার পশ্চিম বোড়াই এলাকার মৃত আনিছার রহমানের ছেলে নেওয়াজ শরীফ (৩০) এবং মহালদারপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. বাপ্পি প্রামাণিক (২৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪টি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দ করা টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।