
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদিঘীতে মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার মুরইল বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরইল বাজার মসজিদের পেছনে একটি বসতবাড়িতে মাদক মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির একটি শয়নঘরে অবস্থানরত মুরইল বাজার এলাকার মৃত লয়েজ মন্ডলের ছেলে নাঈম মন্ডল (২৭)-কে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের বাম পকেট থেকে একটি পলিথিনে রাখা টাপেন্টাডলযুক্ত ‘টাপেল’ নামীয় ৩৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্টদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদমদিঘী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।