
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনট উপজেলায় অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম।
মঙ্গলবার (০৪ মে) বিকেল ৩টা দিকে উপজেলার মাটিকোরা ও কুটিবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০০ মি.লি. চোলাইমদ, ৫ গ্রাম গাঁজা এবং ২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার ধুনট থানাধীন মাটিকোরা এলাকার হুমায়ূন কবিরের ছেলে মো: সৈকত (২৯), ধুনট থানাধীন পশ্চিম ভরনশালী এলাকার তোতা মিয়ার ছেলে শামীম ইসলাম (২৬) ও একই থানাধীন আনারপুর এলাকার মোজাহার আলীর ছেলে মো: সোহানুর রহমান (২৪)।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালতে ১নং আসামি মো: সৈকতকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড, ২নং আসামি শামীম ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং ৩নং আসামি সোহানুর রহমানকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী বলেন, অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, মাদক সেবন ও বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।