
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং কাহালু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস অংশ নেন।
আটক ব্যক্তি হলেন কাহালু উপজেলার গিরাইল গ্রামের বাসিন্দা নয়ন চন্দ্র সরকার (৫২)। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। উদ্ধারকৃত গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকের বিস্তার রোধে কাজ চলছে।”
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।