
নিজস্ব প্রতিবেদক:বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।
রোববার (১০ মে) বিকেল ৪টার দিকে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী ও বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সেউজগাড়ী রেলকলোনী এলাকার মৃত সুধীর হরিজনের ছেলে সোহাগ বাঁশফোড় (২৬) এবং কাহালু উপজেলার পাতাজো এলাকার মৃত রহিমের ছেলে মাইনুল (৪৫)।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদকসেবী বা কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমাদের কার্যক্রম চলমান রয়েছে। তরুণ সমাজকে রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।