
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় অভিযান চালিয়ে কোডিনযুক্ত মাদকদ্রব্য ‘ই-স্কাফ’ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার কাহালু সদর ইউনিয়নের দামাই খাঁ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)জেলা কার্যালয় বগুড়া’র ‘খ’ সার্কেলের সদস্যরা বিকেলে অভিযান চালান। এসময় দামাই খাঁ পাড়া গ্রামের একটি বসতবাড়ির শয়নকক্ষ থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা কোডিনযুক্ত মাদকদ্রব্য ‘ই-স্কাফ’ সিরাপের ৭ বোতল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা দামাই খাঁ পাড়ার আব্দুল হামিদের ছেলে মোঃ হেমায়েত হোসেন (৩৯)কে গ্রেফতার করা হয়েছে।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ডিএনসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে রক্ষায় মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।