
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি ঘটনায় পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের আলিমনগর ঘাট এবং মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজরা হলেন সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজীপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬), ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭) এবং পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে মো. সাকিরুল ইসলাম (৩০)। রিফাত ও রাসেল সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে আলিমনগর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
অপরদিকে, একই সময়ে মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন মো. সাকিরুল ইসলাম। সেখানেও ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পদ্মা ও মহানন্দা—উভয় নদীতেই নিখোঁজ তিনজনের সন্ধানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কারও সন্ধান পাওয়া যায়নি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।