
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালুতে ১০০ গ্রাম গাঁজাসহ মো. মনতাজ (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. মনতাজ কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মনতাজকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
অভিযানে কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনতাজকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দ করা ১০০ গ্রাম গাঁজা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।