
পাবনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (১৩ জুন) শহরের রেলগেট এলাকায় ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি কৃষ্ণচুড়া গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা। কর্মসূচীর উদ্বোধন করে পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে ঈশ্বরদীতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঈশ্বরদী পৌরসভা, শহরের পূর্বটেংরি গার্লস স্কুল, ঈশ্বরদী আলিম মাদরাসা, সরকারি মডেল এসএম স্কুল এন্ড কলেজ, ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্থানে ফলদ, বনজ, ঔষধীসহ বিভিন্ন ধরনের দুই শতাধিক গাছ লাগানো হয়। বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনকালে বক্তব্য দেন বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, বিএনপি নেতা মনিরুজ্জামান টুটুল সরদার, আক্কাস আলী, স্বেচ্ছাসেবক দল নেতা মাহ্মুদুর রহমান জুয়েল, যুবদল নেতা আক্তারুজ্জামান রাজু, আতিয়ার রহমান, মনির আহমেদ হিরক সরদার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল প্রমুখ। কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।