
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তার সরকারি বাসভবনে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাকে বেঁধে রেখে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শনিবার (২ মে) ভোররাতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সরকারি কোয়ার্টারে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, আনুমানিক রাত ৩টার দিকে মুখে কালো মাস্ক পরা তিনজনের একটি দল জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। প্রবেশ করেই তারা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে ফেলে। পরে তার স্ত্রীর গলা থেকে সোনার চেইন, হাতের আংটি, রুপার নূপুর খুলে নেয়। পাশাপাশি ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নগদ অর্থ এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।
ডাকাতির সময় পাশের কোয়ার্টারের বাসিন্দারা যাতে বাইরে বের হতে না পারেন, সেজন্য তাদের কক্ষের দরজাও বাইরে থেকে আটকে দেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ঘটনার পর উপজেলা পরিষদের দেয়ালের পাশ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।