
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে আটটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের মামুনুল হকের ছেলে মো. পাপ্পু এবং ওপর পৌওতা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মো. ওয়াসিম আলী (৪৪)। ওয়াসিম আলী ডিএনসির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানানো হয়েছে।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দুইজনকে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মো. পাপ্পুকে তিন মাসের এবং মো. ওয়াসিম আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে উভয়কে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ডিএনসি জানায়, উদ্ধার করা টাপেন্টাডল ট্যাবলেটগুলো বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।