
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ১০ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে সবাইকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে ডিম ও পাউরুটি বিতরণ করা হয়। খাবার গ্রহণের কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থতা অনুভব করলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে ১০ জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে সুস্থ রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে বিতরণ করা খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে।
তিনি বলেন, বিদ্যালয়টিতে খাবার সরবরাহ করেছিল ‘গ্রাম উন্নয়ন কর্ম (গাক)’ নামের একটি বেসরকারি সংস্থা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, গ্রাম উন্নয়ন কর্মের (গাক) মাঠ কর্মকর্তা আতিক হাসান দাবি করেন, খাবারের কারণে নয়, অতিরিক্ত গরমের প্রভাবেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে থাকতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান বলেন, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের অবস্থা স্থিতিশীল ছিল। প্রাথমিকভাবে নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার গ্রহণের পাশাপাশি তীব্র গরমও অসুস্থতার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে তাদের বাড়ি পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।