
নাটোর (সিংড়া) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ফরিদ নগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল পাঁচপাড়া গ্রামের গেদু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদ নগর এলাকায় আনোয়ার হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আনোয়ার হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যেতে পারে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা চুরি বা ছিনতাইকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।