
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জগন্নাথপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শেরপুর উপজেলার জগন্নাথপাড়া এলাকার আলিম উদ্দিনের ছেলে মো. শফিউল আলম বাবু (৪৮) এবং উত্তর সাহাপাড়া এলাকার মৃত দুলু শেখের ছেলে মো. রানা শেখ (৪০)।
ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
এ সময় জগন্নাথপাড়া এলাকা থেকে দুইজনকে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে শফিউল আলম বাবুকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড এবং রানা শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএনসি জানিয়েছে, জব্দ করা ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।