
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি বাইসাইকেল ও দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি-৫৯ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভোরে সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার এলাকায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি বাইসাইকেলসহ ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করা হয়।
পরে সকাল সাড়ে ৫টার দিকে একই টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদক, বাইসাইকেল ও টায়ারের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।