
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।
রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত তালিকাভুক্ত দুই আসামি মো. আল আমিন (৩০), পিতা রাজা মিয়া এবং মো. রাজা মিয়া (৫০), পিতা মৃত আমান উল্লাহ প্রামাণিক, উভয়কে মহাস্থান দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই আসামিকেই ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। তালিকাভুক্ত মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ডিএনসি বগুড়া কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবার ও মাদকসেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।