
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা সফল হওয়ার কাছাকাছি পৌঁছেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ অক্টোবর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশাবাদ জানান তিনি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
কোয়াডের নেতাদের সঙ্গে ফটোসেশনের সময় ট্রাম্প বলেন, আমার মনে হয়, চুক্তিটি সম্পন্ন হওয়ার খুব কাছাকাছি পৌঁছেছি। যুদ্ধের কারণে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের দাবি, প্রতি মাসে প্রায় ২৫ হাজার বা তার বেশি মানুষ হতাহত হচ্ছেন। তিনি বলেন, এটা কি কল্পনা করতে পারেন? গত মাসে ৩২ হাজার। তবে এই সংখ্যার মধ্যে নিহত ও আহতের আলাদা হিসাব জানাননি তিনি।
চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। ট্রাম্প জানান, আসন্ন আলোচনাগুলোতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাবে। তিনি বলেন, এ বিষয়ে আমাদের ভালো আলোচনা হবে।
এ ছাড়া পুতিনের সঙ্গে আলাদা বৈঠকের সম্ভাবনাও নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট। এমন সুযোগ তৈরি হলে বৈঠকে বসতে আগ্রহী বলে জানান তিনি। ট্রাম্প বলেন, আমি জানি না, তবে আমি রাজি আছি। সুযোগ থাকলে অবশ্যই করব। চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তা চান, হ্যাঁ। দেখা যাক কী হয়।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।