
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির (আরইউআরএস) দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ‘শেপিং দ্য ফিউচার থ্রু এআই অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ নবীন গবেষক অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আসলাম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. তারিকুল ইসলাম। সম্মেলনের আহ্বায়ক তানজিম হাসান প্রাঙ্গনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সচিব ফারজানা মাহতাব সুজানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলনের সহ-আহ্বায়ক মো. নাবিল বিন জাকির।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক মো. আসলাম হোসেন বলেন, ‘উচ্চশিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে গবেষকদের, বিশেষ করে উদ্ভাবনী গবেষণায়, এগিয়ে আসতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এআই ব্যবহার করে দেশ ও জাতির কাজে লাগে—এমন উদ্ভাবন করতে হবে।’
উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের গবেষণাকে উৎসাহিত করতে আরইউআরএস যে সংগঠন গড়ে তুলেছে, তা প্রশংসনীয় ও অনুকরণীয়। গবেষণায় নানা সীমাবদ্ধতা থাকলেও শিক্ষার্থীরা তা কাটিয়ে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা অভিনন্দনযোগ্য।’
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, ‘উচ্চশিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে। আরইউআরএস গবেষকদের জন্য যে কার্যক্রম পরিচালনা করছে, তা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতিতে নতুন ধারার সৃষ্টি করেছে। এআই যেমন চ্যালেঞ্জ তৈরি করেছে, তেমনি অবারিত সুযোগও সৃষ্টি করেছে। গবেষকদের এসব সুযোগ কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে অর্থবহ গবেষণার বিকাশ ঘটে। বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে মানবিকবিদ্যা, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার সমন্বয় করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান তৈরি করা সম্ভব। নবীন গবেষকদের জন্য আরইউআরএসের এ সম্মেলন গবেষণা উপস্থাপন ও একাডেমিক সহযোগিতা তৈরির একটি কার্যকর মঞ্চ।’
উদ্বোধনী অনুষ্ঠানে রাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, বিভিন্ন অনুষদের অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা সম্মেলন উপলক্ষে আয়োজিত গবেষণা ও উদ্ভাবন প্রদর্শনী পরিদর্শন করেন।
উল্লেখ্য, দুই দিনের সম্মেলনে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আটটি সেশনে ৭০টি প্রবন্ধ এবং পৃথক আটটি সেশনে ৬৮টি পোস্টার উপস্থাপন করা হবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।