
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে কাঁশবন যুব সংস্থা। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার হাতিরপুল এলাকায় ঐতিহ্যবাহী রক্তদহ বিলের পাখি পল্লী ও পর্যটন এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
কাঁশবন যুব সংস্থার সভাপতি মো. আব্দুর রউফ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. পাভেল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা।
বৃক্ষরোপণ শেষে সংস্থার সদস্য ও স্থানীয় শতাধিক বাসিন্দার মধ্যে একটি করে পরিবেশবান্ধব গাছের চারা ও খুঁটি বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, আগামী প্রজন্মের জন্য সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে পাঁচ কোটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। এ কর্মসূচি সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। কাঁশবন যুব সংস্থার এ উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও বলেন, বিশুদ্ধ বাতাস ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো প্রয়োজন। ইসলাম ধর্মেও বৃক্ষরোপণের বিশেষ গুরুত্ব রয়েছে। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে ভূমিকা রাখে। তাই বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।