
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদকের অপব্যবহার ও কুফল সম্পর্কে সচেতনতা তৈরিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে উপজেলার কামতা এসএন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৬ আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল হক লিটন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে অত্র অঞ্চলের প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও যুবক অংশ নেন।
সভায় প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন এবং মাদকের অপব্যবহার প্রতিরোধে প্রতিটি মানুষকে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি সমাজে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডও বাড়ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বিশেষ করে যুবসমাজের ওপর। তাই কুপ্রথা ও মন্দ কাজ প্রতিহত করতে প্রথমে নিজেদের সচেতন হতে হবে। কোনো গুজবে কান দেওয়ার আগে তা যাচাই করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে এলাকার সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের উদ্যোগে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
একটি সুস্থ, সুন্দর, মাদকমুক্ত ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান প্রধান অতিথি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।