
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং বিভিন্ন ডিজিটাল টুলস ও অ্যাপ্লিকেশনের ব্যবহার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) উপজেলা মুক্তিযোদ্ধা সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) এর বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং জিএফ নাগরিকতার কারিগরি সহায়তায় ‘ভয়েজেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারীদের আইসিটি বিষয়ক বিভিন্ন ডিজিটাল টুলস, ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তিনির্ভর। কাজের গতিশীলতা বৃদ্ধি, সময়ের অপচয় রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।