
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরের ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে নৃশংসভাবে হত্যার দায়ে একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের মামলায় আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।’
অন্যদিকে, রায়ে অসন্তোষ জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু। তিনি বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আসামির ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন আসামি লিমন। এ সময় তিনি বিচারকের স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও কুপিয়ে গুরুতর জখম করেন তিনি।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাওসিফ রহমান সুমনকে মৃত ঘোষণা করেন। পরদিন ১৪ নভেম্বর ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
বিচারকের বাসায় ঢুকে শিশু তাওসিফকে হত্যার এই ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। দীর্ঘ তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে হত্যাকাণ্ডের এক বছর পর বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করলেন আদালত।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।