
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ভেজালবিরোধী ও মান নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের দায়ে ‘রোজ পিওর ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণের দায়ে একই এলাকার ‘শোয়াইব সিফাত বেকারী’ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।