
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চা সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪মে) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও লোকমোর্চা সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় বেসরকারী উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা ( বিএসডিও) এবং ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করা হয়। সভায় সরকারী কর্মকর্তা ও লোকমোর্চা সদস্যসহ মোট ১৫জন অংশগ্রহণ করেন।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন রাইগাঁ ইউপি চেয়ারম্যান মো. আরিফুল হক, হাতুড় ইউ পি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রব্বানী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি দিপংকর লাকড়া প্রমুখ।
সভায় বিএসডিও’র জেলা সমন্বয়কারী আতাউর রহমান গেটকা প্রকল্পের গত দেড় বছরের কাজের অগ্রগতি, বাস্তবায়ন কৌশল এবং পরবর্তি পরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদসমুহের আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে দুর্যোগ মোবাবিলার জন্য বাজেট বরাদ্দ রাখার দাবী জানান। এসময় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ময়না রানি, প্রজেক্ট ফ্যাসিলিটেটর সুমিতা দেবনাথ এবং মিলন লাকড়া উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পের মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমে সরকারী কর্মকর্তাদের সম্পৃক্তকরণ এবং দৃশ্যমান কাজ বাস্তবায়নের আহবান জানান।
উল্লেখ্য বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশন অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপ এর কারিগরী সহযোগিতায় নওগাঁ জেলার মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলায় ৩০ মাস মেয়াদী গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।