
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কীটনাশক ছিটিয়ে প্রায় ১ বিঘা জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ১৭ অক্টোবর রাতে উপজেলার হাতুড় ইউপির হরেকৃষ্ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে মোঃ হোসেন আলীর জমিতে কীটনাশক (আগাছা নাশক) ছিটানো হয়। ওই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে নুরুল ইসলামের সাথে ১৬ শতক জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে।
এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মোঃ হোসেন আলীর স্ত্রী মোছাঃ আরিফা খাতুন জানান, প্রায় ২৬ বছর আগে হরেকৃষ্ণপুর মৌজায় ৩৬ শতক জমি কিনে ভোগদখলে চাষাবাদ করে আসছেন তারা। ওই জমির মধ্য থেকে ১৬ শতক জমি পাবেন এমন দাবী করে নুরুল ইসলাম প্রায় বছর দুয়েক আগে থেকে বারবার কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করছে। শরিষার খেত, ধানের বীজতলা ও ধান খেতসহ এ পর্যন্ত ৪ বার কীটনাশক প্রয়োগ ফসল নষ্ট করেছে তারা। গত শনিবার রাতের আঁধারে আবারও কীটনাশক প্রয়োগ করে ৩৬ শতক জমির ধান পুড়িয়ে দেয়। হরেকৃষ্ণপুর গ্রামের মৃত রিয়াজ মন্ডলের ছেলে মোঃ মোকসেদ আলী জানান, তিনি প্রায় ৩০ বছর থেকে সেখানকার গভীর নলকূপটি পরিচালনা করে আসছেন। তখন থেকে তিনি হোসেন আলীকে ওই জমিতে চাষাবাদ করতে দেখছেন এবং তিনি তখন থেকেই ওই জমিতে সেচ প্রদান করে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, কয়েকদিন আগে রাতের বেলা বিষের ঢোক নিয়ে নুরুল ইসলামকে হরেকৃষ্ণপুর মোড় থেকে জমির ওই দিকের রাস্তায় যেতে দেখেছেন।
এ ব্যাপারে মোঃ হোসেন আলী জানান, গত দুই বছরে নুরুল ইসলামসহ কয়েকজন রাতের আঁধারে কীটনাশক প্রয়োগ করে তার জমির শরিষা, ধান পুড়িয়ে দেয়ায় তার প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।