
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমরুল কাদের সেলিম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ধুনট উপজেলার তারাকান্দি গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
আটক ইমরুল কাদের সেলিম তারাকান্দি গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। অভিযানে তাঁর কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অধিদপ্তর দৃঢ়প্রতিজ্ঞ।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।