
পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে ভেজাল দুধ উৎপাদনের কারখানার তথ্য প্রশাসনকে দেওয়ার অভিযোগ তুলে একদল ব্যক্তির হামলা ও মারপিটে অন্তত ৮ জন গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও আহতদের অভিযোগ অনুযায়ী, নটাবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি চক্র ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিল। সম্প্রতি এনএসআইয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল দুধ, জেলি ও বিভিন্ন রাসায়নিক পদার্থ জব্দ ও ধ্বংস করেন। এ সময় একজনকে আটকও করা হয়।
আহতদের দাবি, অভিযানের পেছনে গ্রামের কয়েকজন ব্যক্তি প্রশাসনকে তথ্য দিয়েছেন—এমন অভিযোগ তুলে বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ মমিন ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালান।
হামলায় আহত হয়েছেন নটাবাড়িয়া গ্রামের সাইদুল প্রামানিক, হাজু প্রামানিক, মহরম প্রামানিক, সাইফুল প্রামানিক, হাসেম আলী প্রামানিক, সাইজুদ্দিন প্রামানিক, ইকবাল প্রামানিক ও সজীব প্রামানিক। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভেজাল দুধ উৎপাদন করে বাজারে সরবরাহ করছেন। এ বিষয়ে একাধিকবার জরিমানার মুখোমুখি হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা পুনরায় একই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারা ভেজাল খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনার পর এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। শনিবার আহতদের পক্ষ থেকে চাটমোহর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
খবর২৪ঘণ্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।