
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহামুদুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশরাত জাহান পিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রায়হান আলী।
এ ছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা অংশ নেন।
শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় নজরুলের সাহিত্য ও বিদ্রোহী চেতনার নানা দিক ফুটে ওঠে। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।