
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে ১৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর উপজেলার স্টেশন রোড এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলার মাঝিরা গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. সিয়াম ফকির (২০), সারিয়াকান্দি উপজেলার কলোনিপাড়া হিন্দুকান্দি এলাকার মো. মোহাম্মদ আলীর ছেলে মো. সোহান ইসলাম (২৩) এবং বগুড়া সদর উপজেলার রাজাবাজার এলাকার মির্জা সেলিম রেজার ছেলে মো. সাগর রেজা (২৮)।
ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় স্বপ্নপুরী হোটেলের সামনে থেকে তিনজনকে ১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিয়াম ফকির ও সোহান ইসলামকে পৃথকভাবে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই আদালত সাগর রেজাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
ডিএনসি সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।