
নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরে ভ্যানিটি ব্যাগে করে ইয়াবার চালান পাচারের সময় দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা, নগদ ১০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুর পৌনে তিনটার দিকে রেলঘুন্টি থানামোড় থেকে কামারগাড়ীগামী সড়কের দক্ষিণ পাশে সেলিম হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া দুই নারী হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্পপট্টি এলাকার মৃত আজিজুল রহমানের স্ত্রী বুলবুলি বেগম (৪৫) এবং বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর কশাইপাড়া এলাকার লিটন মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৮)।
ডিএনসি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি চালান ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই নারীর দেহ তল্লাশি করে একটি কফি রঙের ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ১৫টি প্যাকেটে রাখা ১ হাজার ৫০০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ১০ হাজার টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই নারী জানিয়েছেন, তারা ইয়াবার চালানটি দিনাজপুরের হিলি এলাকা থেকে সংগ্রহ করেছিলেন। এছাড়া তারা পরস্পরের বেয়াইন বলেও স্বীকার করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বড় ইয়াবার চালান জব্দ করা হয়েছে। মাদকের এই চালানের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি জনসচেতনতাও জরুরি।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।