
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর উপজেলার সাতমাথা, সেউজগাড়ী, হাড্ডিপট্টি ও চকসুত্রাপুর চামড়াগুড়াম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন সারিয়াকান্দি উপজেলার নারচি এলাকার মোঃ টিপু মিয়ার ছেলে মোঃ নাঈম ইসলাম (২৮) এবং বগুড়া সদর উপজেলার লতিফপুর কলোনী এলাকার মোঃ টিপু মিয়ার ছেলে মোঃ রাজু (৩৫)।
ডিএনসি, বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, ডিএনসির ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালালের নেতৃত্বে ওই এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে দুই পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে নাঈম ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং মোঃ রাজুকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে জব্দ করা দুই পিস টাপেন্টাডল ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।