
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পাবনার সাঁথিয়ায় আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিয়াপুর ইউনিয়নের মিনারপাড়া এলাকার মানিকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন আব্দুল আজিজ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে মাছের খাবার দিতে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি পুলিশকে জানানো হলে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয়রা মরদেহটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুর থেকে জবাই করা অবস্থায় আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।