
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সড়কের পাশে পড়ে থাকা আক্তারুজ্জামান(৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর-বটতলী রাস্তার ‘আইসাতলা’ এলাকায় আক্তারুজ্জামান নামের ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাঁরা থানায় জানালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
আক্তারুজ্জামান শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া এলাকার মৃত আব্বাস মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম। তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাড়ি থেকে বের হোন আক্তারুজ্জামান। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কিভাবে তিনি এখানে আসলেন তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল।
কৌতুহলী এলাকাবাসী বলছেন, তার শরীরে হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কাহারা তাকে হত্যা করে এখানে রেখে যেতে পারে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।