
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে ) সকাল থেকে বিকেল পর্যন্ত কাহালু থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল, যার নেতৃত্বে ছিলেন কাহালু উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম।
অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ২টি টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কাহালুর কল্যাণপুর এলাকার মৃত ইছাব উদ্দিনের ছেলে ইনছির আলী (৪০), একই এলাকার মৃত হামেদ আলীর ছেলে আবু সাঈদ (৫০) এবং পাইকড় হিন্দুপাড়া এলাকার বিদ্যা চন্দ্র বর্মনের ছেলে নরেন চন্দ্র বর্মন (৩৮)।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিনজনকে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ধ্বংস করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।”
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান চলমান থাকবে।”
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।