
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৩ মে) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার জিনুইর গ্রামের এনামুল হকের ছেলে রাকিবুল ইসলাম (২৪),
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কোলাসনিপুর গ্রামের আব্দুল হামিদ মণ্ডলের ছেলে বুলবুল হোসনে (২৮) ও আদমদীঘির নিমাইদীঘি গ্রামের মৃত হাবিল প্রমাণিকের ছেলে আব্দুল আলিম (৩৮)।
অভিযানে তাদের কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক বিচারে দুইজনকে ৬ মাস করে এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলেই জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”
অন্যদিকে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান জানান, “মাদক নির্মূলে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। যেখানেই মাদকের উপস্থিতি পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগ—এই দুইয়ের সমন্বয়ে মাদকবিরোধী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।