
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মনজাল গ্রামের মো. তাইফুল ইসলামের ছেলে মো. রায়জিত (২২), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের মৃত দিলবরের ছেলে মো. নূর ইসলাম (৩৭) এবং একই গ্রামের মৃত আনসারের ছেলে মো. শহিদুল ইসলাম (২৮)।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল ও দুপচাঁচিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তিনজনকে গাঁজাসহ গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত রায়জিতকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, নূর ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং শহিদুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে জব্দ করা ৩০০ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।