
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম সরকার (৫৮) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুস সালাম সরকার ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল জানতে পারে, আব্দুস সালামের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে গাঁজার একটি চালান মজুত রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁর বসতবাড়ির দক্ষিণ পাশের শয়নকক্ষ তল্লাশি করা হয়। এ সময় একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আব্দুস সালাম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধার করা গাঁজার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।