
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও পাঁচটি টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধা পৌনে ছয়টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার দমদমা এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে মো. বাঁধন হোসেন (১৮) এবং সান্তাহারের চা বাগান এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে মো. লিটন হোসেন (৪০)।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বাঁধন হোসেনকে ছয় মাস এবং লিটন হোসেনকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে দুজনকেই এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযানে জব্দ করা গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।