
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুর ২টার দিকে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ফুলবাড়ী উত্তরপাড়া এলাকা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ মো. সজিব (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি একই এলাকার মো. উজ্জল মোল্লার ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও কঠোরভাবে চলবে।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।