
নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী ও চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই স্থান থেকে মোট ৬০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার বেলাই গ্রামের মো. ঠান্ডা মিয়া (৫০), গাবতলী উপজেলার পেরী গ্রামের মো. শামীম হোসেন (৫৬), বগুড়া সদরের মালগ্রাম এলাকার মো. সনি আহম্মেদ (২১), মধ্য চেলোপাড়ার ডন কুমার ঘোষ (৩৮) এবং ভাটকান্দি এলাকার মো. শিমুল শেখ (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত মো. ঠান্ডা মিয়া, মো. শামীম হোসেন ও মো. সনি আহম্মেদকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। ডন কুমার ঘোষকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড এবং মো. শিমুল শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদক নির্মূলে ডিএনসি বগুড়া জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা কার্যক্রমও জোরদার করা হচ্ছে।”
ডিএনসি জানিয়েছে, জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।