
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় দুই কেজি বিস্ফোরক সদৃশ পদার্থ (গান পাউডার) ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকির পাড়া গ্রামের রাব্বি (২৬), সোহেল জিনজিরা (৩০) ও একই উপজেলার প্রফেসরপাড়া গ্রামের সুমিত আলিফ (২৪)।
শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অসীম ফিরোজ। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা সাংবাদিকদের ওপর হামলার মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ছিলেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে মাদক ও বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মামলা নং-২৫, তারিখ ২০ ডিসেম্বর ২০২৫-এর তদন্তকারী কর্মকর্তা এসআই এস.এম রাসেল কবির গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কয়েকটি মামলার কয়েকজন আসামি ঢাকার শাহবাগ এলাকায় অবস্থানের কথা জানতে পারেন। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ থানার মৎস্য ভবন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীল কুঠির মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে তারা নিয়মিত অবস্থান করতেন এবং সেখানে মাদক ও বিস্ফোরক সদৃশ বস্তু সংরক্ষণ করে রেখেছেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার (১৫ মে) রাত ১০টা ৫৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ অতিরিক্ত ফোর্স ও সাক্ষীদের উপস্থিতিতে বারঘরিয়া থেকে গোয়ালবাড়ী সড়কের পাশে ওই পরিত্যক্ত ভবনে অভিযান চালায়।
অভিযানের সময় আসামি রাব্বির দেখানো মতে একটি লাল-সাদা রঙের শপিং ব্যাগ থেকে দুই কেজি বিস্ফোরক সদৃশ পদার্থ (গান পাউডার) এবং ১৫০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে, সাদা ও কাঠালী রঙের দুই কেজি গান পাউডার, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। এছাড়া ১০০ গ্রাম হালকা বাদামি ও ৫০ গ্রাম গাঢ় বাদামি রঙের কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার অসীম ফিরোজ আরও জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হবে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।