
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ মুশফিকুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫-এর সিপিএসসি সদস্যরা। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে র্যাব হেডকোয়ার্টার্স ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার বিশ্বনাথপুর মোড়ের আমনুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একদল মাদক কারবারি অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী মহানগরীর দিকে নিয়ে যাচ্ছে। এর ভিত্তিতে বিশ্বনাথপুর মোড়ের আমনুরা এলাকায় হামিদ ওয়েন্ডিং থাই এন্ড এস এস দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যায়। পরে সঙ্গীয় কর্মকর্তা ও সদস্যদের সহায়তায় ঘটনাস্থল থেকে মুশফিকুর রহমানকে আটক করা হয়। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ থানার দক্ষিণ জয়দেবপুর (টুলটুলি পাড়া) এলাকার নজরুল ইসলামের ছেলে।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে মুশফিকুর রহমান হেরোইন পরিবহনের কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি স্বচ্ছ পলিপ্যাক উদ্ধার করা হয়। ওই পলিপ্যাকে থাকা ১০৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় পলাতক রয়েছেন মো. তারেক আজীজ (২৩)। তিনি গোদাগাড়ী থানার দিয়ার মানিক চক (চর আষাড়িয়াদহ) এলাকার এনামুল হকের ছেলে।
গ্রেপ্তার মুশফিকুর রহমানের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।