
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, মাদকমুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে বগুড়া জেলার ৪৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়েছে। এসব কমিটির উদ্যোগে নিয়মিত সচেতনতামূলক সভা ও বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হচ্ছে।
ডিএনসি বগুড়ার উপপরিচালক বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক পর্যায়েও মানুষকে মাদক থেকে দূরে রাখতে লিফলেট বিতরণ, কাউন্সেলিং এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বগুড়ায় প্রতিদিন মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। উপজেলা পর্যায়েও নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করে সেই তালিকার ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডিএনসি বগুড়ার পরিদর্শক সামসুল আলম এবং মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার পলিন হাসান।
এ সময় ডিএনসি বগুড়ার সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের স্কাউট, রেড ক্রিসেন্ট সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।