1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
একই রাতে লালপুরে চুরির তাণ্ডব: মসজিদ-মাজার-প্রবাসীর বাড়ি টার্গেট, আতঙ্কে গ্রামবাসী - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

একই রাতে লালপুরে চুরির তাণ্ডব: মসজিদ-মাজার-প্রবাসীর বাড়ি টার্গেট, আতঙ্কে গ্রামবাসী

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার একটি গ্রামে একই রাতে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চরম ভীতি ছড়িয়ে পড়েছে। সংঘবদ্ধ চোরচক্র মসজিদ, মাজার ও প্রবাসীর বাড়িসহ কয়েকটি স্থানে হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার গভীর রাতে উপজেলার বুধপাড়া গ্রামে পরিকল্পিতভাবে এসব চুরির ঘটনা ঘটে। পৃথক ঘটনাগুলোতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকার বেশি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

প্রবাসী মোজাম্মেল শেখ মোজামের বাড়িতে এসময় কেউ না থাকায় সুযোগ নেয় চোরেরা। তার স্ত্রী জানান, পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা ঘরের পাঁচটি তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, কাঁসার তৈরি আসবাবপত্র এবং নগদ ৬ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

একই রাতে গ্রামের হযরত শাহ আলম (রহ.) মাজারেও চুরির ঘটনা ঘটে। মাজারের খাদেম হেজবর রহমান জানান, সাতটি তালা ভেঙে দানবাক্স থেকে প্রায় ১০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

এছাড়া মাজারসংলগ্ন মসজিদের তালা ভেঙে একটি আইপিএস ব্যাটারি চুরি করা হয়। অন্যদিকে, একই গ্রামের ইনতাজ খাঁর ছেলে বিপ্লব খাঁর বাড়ির সামনে রাখা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত ভ্যানও নিয়ে যায় চোরচক্র।

স্থানীয়দের ধারণা, একটি সংগঠিত চোরচক্র সুপরিকল্পিতভাবে পুরো গ্রামজুড়ে এসব চুরি সংঘটিত করেছে। ঘটনার পর থেকে গ্রামবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বিরাজ করছে।

ঘটনার খবর পেয়ে সোমবার (২৭ এপ্রিল) সকালে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্তে একাধিক টিম মাঠে কাজ করছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

এ ঘটনায় দ্রুত জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team