
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মহিদুল ইসলাম রতন (২৮) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহিদুল ইসলাম রতন আদমদীঘি উপজেলার সান্তাহার মাইক্রোস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আতোয়ার হোসেন। ডিএনসির তথ্যমতে, তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় রতনের কাছ থেকে পাঁচটি টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ডিএনসি, বগুড়া জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।