
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে নিমাইদিঘী এলাকার বাবলু ইসলামের ছেলে মো. রায়হান (৩২) এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড় শশী এলাকার মৃত বছীর উদ্দিন কাজীর ছেলে মো. মামুন ইসলামকে (৪৫) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকের ঘটনায় একজনকে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত গাঁজা ও চোলাই মদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।”
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।