
নাটোর প্রতিনিধি: আর্থসামাজিক ও মানসিক অবস্থার অনুসন্ধানের মাধ্যমে আত্মহত্যার কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাটোরে দলগত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের গবেষণাধর্মী কার্যক্রমের অংশ হিসেবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক সুমনী আক্তার বলেন, জীবন অনেক সুন্দর। জীবনকে শুধু যাপন করলে হবে না, জীবনকে উদযাপন করতে হবে। জীবন যে সুন্দর, এই বোধ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আবেগতাড়িত ও বিপর্যস্ত মানুষকে হতাশা থেকে বের করে আনতে তাদের মাঝে আশার আলো জ্বেলে দিতে হবে। এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা।
গবেষণা আলোচনায় মডারেটরের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং মন্ত্রিপরিষদ বিভাগের গবেষক মো. রনি মৃধা।
সূচনা বক্তব্যে মো. রনি মৃধা বলেন, প্রধানমন্ত্রী কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে দেশের মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন। আত্মহত্যার কারণ এবং উত্তরণের উপায় খুঁজে বের করতে দেশব্যাপী মন্ত্রিপরিষদ বিভাগের গবেষণা সেল কাজ করছে।
তিনি বলেন, গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নীতিমালা প্রণয়ন করা হবে এবং সরকার তা বাস্তবায়ন করবে বলে আমরা আশাবাদী।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।