
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ট্রাকের ২০০টি বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় ভারত থেকে চোরাই পথে আনা ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করেন।
বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, জব্দ করা ট্রাকের যন্ত্রাংশগুলোর আনুমানিক স্থানীয় বাজারমূল্য ২৫ লাখ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের /চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ১ আগস্ট একই ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলায় অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকের ২৯১টি বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছিল ৫৯ বিজিবি।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।